Monday, 11 February 2019

একটি সাইকেল যাত্রার গল্প

দিনটা ছিল শুক্রবার, তিন বন্ধুর প্ল্যান ছিল জুম্মা নামাজ পড়েই সাইকেল করে ঘুরতে যাবো।  আমি, শাদ আর সাব্বির। সাব্বির তখন মাদ্রাসায় পড়ে, শুক্রবার ছাড়া তার দেখা পাওয়া যায় না। শাদ নতুন বিগ বস কোম্পানীর সাইকেল কিনেছে, চালাতেও শিখেছে সাইকেল কেনার পর। 
সি.ও অফিসের মাঠে সাইম ভাইয়া তাকে শিখিয়েছে অনেক কষ্টে, সেদিন আমিও ছিলাম, আমিও অল্প একটু চালিয়েছিলাম। যদিও আমি ভালভাবে চালাতে পারিনা। 
যাইহোক শুক্রবার জুম্মা নামাজ পড়েই কথামত আমরা তিনজন সাইকেল দিয়ে ঘুরতে বের হয়ে গেলাম, আমার সাইকেল ছিল নাহ, তাই আমি সাব্বির এর সাইকেলে চড়লাম। সাব্বির বেশ দক্ষভাবে সাইকেল চালাতো ছোট থেকেই। শাদ একদমই নতুন চালক। আমরা জামালপুর শেরপুর হাইওয়ে রাস্তা দিয়ে কুসুমহাটি বাজারের পথে যাত্রা শুরু করলাম। দুপুরের প্রকৃতি কিছুটা নীরবই থাকে, তাছাড়া ঐ সময় রাস্তা দিয়ে কমই যানবাহন চলাচল করতো। আমাদের খুবই ভাল লাগছিল। 
গল্প করছিলাম আর সোজা যাচ্ছিলাম, কিছুক্ষন পর কুসুমহাটি বাজারে পৌছালাম, বাজার ছাড়িয়ে আরও একটু সামনে গেলাম। পরে সাব্বির বলল অনেক হয়েছে এইবার চল বাড়ী ফিরে যাওয়া যাক, আমিও তার কথায় সম্মতি দিলাম। 

কিন্তু শাদ না করে বসল। 
সে বলল সে আরও সামনে যাবে,
 আমরা কুসুমহাটি বাজারে আবার ফিরে আসলাম।
তিনজনের মাঝেই কথা হচ্ছিল, এক পর্যায়ে শাদ তো জেদ করে বসল সে একাই ঘুরবে । 
আমি সাব্বির তো দাড়িয়ে রইলাম, সে সাইকেল নিয়ে একাই রওয়ানা হল। 
একটু সামনে যেতেই বাজারের মোড়ে কি যেন একটা গাড়ীর সাথে সে সাইকেল লাগিয়ে পড়ে গেল। আমরা দ্রুত ছুটে গেলাম। দেখলাম ও ব্যাথা পেয়েছে পায়ে, সাইকেল এর চাকাও বাকা হয়ে গেছে। কিছু লোকজনও জড়ো হয়ে গেছে। শাদকে ধরে কয়েকজন পাশের দোকানে বসালো, পরে দেখা গেল পায়ে ব্যাথা ছাড়া তেমন কোথাও বেশি আঘাত লাগে নাই। পা মচকে গেছে, দেখলাম এলাকার এক বড় ভাই এগিয়ে আসছে আমাদের দেখে, একটু ভাল লাগলো। পাশের গেরেজ থেকে সাইকেল এর চাকা ঠিক করা হল, কিন্তু এর মাঝেই শাদের পা ফুলে গেছে। সাইকেল তো চালাতে পারবে না, বাড়িও ফিরতে হবে। কি করা যায় তাই ভাবতে লাগলাম তিনজন মিলে। 
সাব্বির বলল শাদকে সে নিয়ে চালাবে এবং আরেকটা সাইকেল আমাকে চালাতে হবে। আমি কোনমত সাইকেল চালাতে জানি, কিন্তু এমন জঘন্য দক্ষতা নিয়ে হাইওয়ে রাস্তায় সাইকেল চালানোর মত সাহস জুগিয়ে তুলতে পারলাম নাহ। কিন্তু কিছু তো করারও ছিল না বাধ্য হয়ে চালানোর সিদ্বান্ত নিলাম। আমি সাব্বির এর সাইকেল নিলাম, কারন তার সাইকেল নিচু হওয়ায় আমার জন্য চালানো সুবিধা। বাড়ীর পথে রওনা হলাম, আমি খুব ভয়ে সাইকেল চালাচ্ছিলাম, সামনে বাস বা ট্রাক আসতে দেখলেই রাস্তার পাশে সাইকেল থামিয়ে দাড়িয়ে যাচ্ছিলাম। একটু পর সাব্বির থামতে বলল, জিজ্ঞেস করলাম কেন?
সে বলল শাদের সাইকেল এ দুইজন যাওয়া সম্ভব না। আমি যেন শাদের সাইকেল টা চালায়। শাদের সাইকেল উচু, আমি নিজে থেকে উঠতে পারিনা। আমাকে ধরে তুলে দিল সাব্বির । অনেক সময় নিয়ে এইভাবে এলাকায় পেীছালাম, সাব্বির তার বাসায় চলে গেল ঠিকই, কিন্তু আমি শাদকে তার বাড়ী পেীছে দেওয়ার জন্য তার সাথে তার বাসায় গেলাম। সে হাটতে পারছিল না, আমাকে ধরে হাটছিল। আমি তাকে তার বাসায় পেীছে বাড়ী ফিরে দেখি অবস্থা খারাপ। আমি যখন হাইয়েতে সাইকেল চালাচ্ছিলাম তখন আমার কাকা হোন্ডা করে আমাদের বাসায় আসছিল, আমাকে দেখে ফেলেছে এবং বাসায় এসে বলেছে। আমাকে তো অনেক বকাঝকা করেছিল, এর পর অনেক দিন সাইকেল থেকে দুরে ছিলাম।
ওটাই ছিল প্রথম এবং শেষ সাইকেল জার্নি শাদ আর সাব্বিরের সাথে, যা আমি কোন দিনও ভূলব নাহ।
খুব বেশি মিস করি দিনগুলি, ভাল থাকুক শৈশব, ভাল থাকুক স্মৃতিগুলি।

0 comments: